ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে এনসিপির ভূমিকা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উভয় পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এ ছাড়া বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়। এনসিপির পক্ষ থেকে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আন্তর্জাতিক বিষয়ক সেলের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ধারাবাহিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

















