ফ্রান্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফ্রান্সে একটি বিশিষ্ট মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিল সোমবার (১৫ সেপ্টেম্বর) প্যারিসের ওভারভিলা এলাকার একটি সুসজ্জিত হলে অনুষ্ঠিত হয়। ধর্মীয় আবহ ও আধ্যাত্মিক উচ্ছ্বাসে পরিপূর্ণ এ আয়োজন প্রবাসী মুসলিম কমিউনিটির জন্য একটি অনন্য সমাবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিত। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, তায়্যিবাহ ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক, লেখক ও গবেষক মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) কোনো নতুন ইবাদতের নাম নয়, বরং এটি প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর স্মৃতিচারণ এবং তার মহান জীবনাদর্শ ও শিক্ষাকে আত্মস্থ করার এক মহাসুযোগ। নবীর প্রেম, আনুগত্য ও সুন্নাহ অনুসরণ ছাড়া মুসলিমদের জন্য মুক্তির কোনো বিকল্প পথ নেই।
মাওলানা ফুলতলী আরও যোগ করেন, আজকের বিশ্বে ইসলামের শান্তির বার্তা পৌঁছাতে হলে আমাদের নবীজীর (সা.) জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং মুসলিম উম্মাহকে বিভাজনের পরিবর্তে ঐক্যের পতাকাতলে একত্রিত করতে হবে।
অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট আলেমরা নবীজীর জন্ম, তার দাওয়াতি জীবন, সমাজ সংস্কার, মানবতার মুক্তির বার্তা ও আধ্যাত্মিক নেতৃত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। পরিবার-পরিজনসহ মুসল্লিরা মনোযোগ সহকারে কিরাত, হামদ-নাত ও বয়ান উপভোগ করেন।
সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল এক আধ্যাত্মিক পরিবেশ। শেষের দিকে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের নেতারা জানান, প্রতি বছরের মতো এ বছরও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রবাসে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে তারা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন।



















