ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সোমবার যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশটির আয়োজন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
উপদেষ্টা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে সাহসিকতার সঙ্গে লড়েছেন এবং এই আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন। তিনি শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগণ একত্রিত থাকেন, তাহলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এবং সমাজে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে আলেম সমাজের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরে মাহফুজ আলম বলেন, সে সময় মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষমূলক আচরণ রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছিল। তিনি জানান, তাদের আলাদাভাবে মূল্যায়নের প্রবণতা তখন বিদ্যমান ছিল।
২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের ঘটনার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ওই রাতে নির্বিচারে গুলি চালিয়ে ৬০-৭০ কিংবা তারও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল এবং অনেকে আহত হন।
মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, নবীজির আখলাক অনুসরণ করে তা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “আমরা যেন জুলুম না করি, যেন কাউকে মজলুম না বানাই।” একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের যেকোনো জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


















