ফেসবুক এখন নজর রাখছে আপনার ফোনে তোলা কিন্তু শেয়ার না করা ছবিতেও
আপনার মোবাইলের গ্যালারিতে থাকা, কিন্তু ফেসবুকে এখনো পোস্ট না করা ছবিগুলোর ওপর নজর রাখছে ফেসবুকের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইচ্ছা করলে ফেসবুকের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেতে পারেন। সম্মতি দিলে ফেসবুক ব্যবহারকারীর ফোনে থাকা ছবিগুলোর ওপর ভিত্তি করে কোলাজ, জন্মদিনের থিম, পুনরালোচনা বা নকশা পরিবর্তনের সাজেশন পাঠাবে।
পরীক্ষামূলক পর্যায় শেষ করে এখন ফিচারটি মূল সংস্করণে এসেছে। ব্যবহারকারীদের সামনে প্রথমে একটি বার্তা দেখানো হবে, যেখানে লেখা থাকবে—‘আপনার গ্যালারির ছবি থেকে সৃজনশীল ধারণা দিতে ফেসবুককে ক্লাউড প্রক্রিয়ায় সম্মতি দিন।’ সম্মতি দিলে অ্যাপটি ফোন থেকে নিয়মিতভাবে ছবি মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ছবিগুলো বিশ্লেষণ করে সম্পাদনা বা পোস্ট করার পরামর্শ তৈরি করবে।
মেটা জানিয়েছে, এসব ছবি বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের জন্য ব্যবহার করা হবে না। তবে ব্যবহারকারী যদি সেই ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন, তাহলে সেগুলোর তথ্য মেটার এআই সিস্টেম উন্নয়নে কাজে লাগানো হতে পারে।
মেটার নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীর অনুমতি থাকলে তাদের ছবিতে থাকা মুখ, মানুষ, বস্তু, সময় ও অবস্থান বিশ্লেষণ করা হবে। এসব তথ্যের ওপর ভিত্তি করে মেটা ছবির সংক্ষিপ্ত বিবরণ তৈরি করতে, ছবি পরিবর্তন করতে কিংবা নতুন ছবি তৈরি করতেও সক্ষম হবে।
ফলে ব্যবহারকারী ছবি শেয়ার না করলেও মেটা তাদের জীবনধারা, সম্পর্ক ও অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে মেটা ব্যবহারকারীদের আচরণ ও পছন্দের ওপর বিশাল তথ্যভান্ডার তৈরি করবে, যা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করবে।
এর আগেও মেটা জানিয়েছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য ও ছবি তাদের এআই প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত এই তথ্য সংগ্রহ প্রক্রিয়া থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবেন।



















