ফের সালমান পরিবারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনব কাশ্যপ
বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করার পর ফের নতুন অভিযোগ তুললেন তিনি।
অভিনব কাশ্যপ দাবি করেছেন, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যাবে না। তার ভাষায়, সেলিম খান প্রভাব খাটিয়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পেয়েছেন। এখানেই থেমে থাকেননি তিনি, সালমান খানকেও কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “সালমানও বাবার মতো প্রভাব খাটিয়ে টিকে আছেন। তাকে সুপারস্টার বলা যাবে না। সালমান নোংরা বাবার নোংরা ছেলে; ফুটপাতে বড় হয়েছেন, তাই এ ধরনের রুচি।”
পরিচালক আরও অভিযোগ করেন, সালমান খান নতুন প্রজন্মের অভিনেতাদের প্রতিভা দেখে হিংসা করেন। সাইয়ারা সিনেমায় নবাগত আহান পাণ্ডের অভিনয় দেখে সালমান বিরক্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
অভিনবের এই ক্ষোভের পেছনে ব্যক্তিগত অভিমানও রয়েছে। তার অভিযোগ, ‘দাবাং’ ছবির সিক্যুয়েল তার অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে। সম্প্রতি তিনি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ পরিচালনার দায়িত্ব থেকেও বাদ পড়েন। তার বিশ্বাস, সালমান খানের প্রভাবেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।



















