ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা
দখলদার ইসরায়েল পশ্চিমতীরে নতুন করে কয়েক হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যা স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে অকার্যকর করার লক্ষ্য বহন করছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা “কবর দেওয়া” হবে।
ই-১ নামে এই প্রকল্পের আওতায় পশ্চিমতীরে নতুন ইহুদি বসতি স্থাপন করা হবে। যদিও বিশ্বের প্রায় সব দেশের বিরোধিতার কারণে এটি গত কয়েক দশক স্থগিত ছিল, তবে ইসরায়েল নতুন করে এগোচ্ছে। নতুন বসতি স্থাপনের পর এটি পূর্ব জেরুজালেমের পুরোনো বসতি মালে আদুমিমের সঙ্গে যুক্ত হবে, যা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী প্রতিষ্ঠা করা অসম্ভব করে তুলবে। একই সঙ্গে পশ্চিমতীর দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি অর্থমন্ত্রী জানান, তারা নতুন করে ৩ হাজার ৪০১টি বাড়ি নির্মাণের অনুমোদন দেবেন। তিনি বলেন, “ফিলিস্তিনরা একটি স্বপ্ন দেখবে, আমরা একটি বাস্তবতা তৈরি করব। এটি স্থায়ীভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।”
আগামী সপ্তাহে ইসরায়েলি সরকার চূড়ান্তভাবে এই নতুন বসতি স্থাপনের অনুমোদন দিতে পারে। এছাড়া, স্মোরিচ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পশ্চিমতীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন।
ইসরায়েলের এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন সরকার, কাতার, মিসরসহ অন্যান্য দেশ।
সূত্র: সিএনএন।



















