ফিফার নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় ফকিরেরপুল, প্রিমিয়ার লিগে সুযোগ পেতে পারে ওয়ান্ডারার্স
১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। তবে এখনো ফিফার দলবদলের নিষেধাজ্ঞায় থাকা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের অংশগ্রহণ নিয়ে বাফুফে সংশয়ে রয়েছে।
বাফুফে ফকিরেরপুলকে আজ ৪ আগস্টের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা কাটাতে না পারায় ক্লাবটি আবারও বাফুফের দ্বারস্থ হয়। এদিন অনলাইনে এক বৈঠকে ফকিরেরপুল কর্মকর্তারা বাফুফের পেশাদার লিগ কমিটির সঙ্গে আলোচনায় বসেন এবং তারা প্রতিশ্রুতি দেন যে নিষেধাজ্ঞা দ্রুতই তুলে নেবেন। এই আশ্বাসের ভিত্তিতে বাফুফে তাদের ৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে।
জানা গেছে, গত মৌসুমে উজবেকিস্তানের এক ফুটবলারকে প্রাপ্য অর্থ না দেওয়ায় ফিফা ফকিরেরপুলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফুটবলার ফিফায় অভিযোগ করলে প্রায় ২৫ লাখ টাকা জরিমানা ও পাওনা পরিশোধের নির্দেশ দেয় ফিফা। এই অর্থ পরিশোধ না করা পর্যন্ত ফকিরেরপুল নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না।
যদি ৮ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা না ওঠে, তবে তাদের এই মৌসুমে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া সম্ভব হবে না।
এমন পরিস্থিতিতে গত মৌসুমে অবনমিত হওয়া ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সের লিগে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তারা বাফুফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সুযোগ পেলে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছেন ক্লাবটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।



















