ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান ড. ডোনারের
বিগত ১৭ বছর ধরে দশম গ্রেডের দাবি জানিয়ে আসা ফার্মাসিস্টদের ফাইল আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ফার্মাসিস্টদের দশম গ্রেডের উদ্যোগ বিএনপি সরকারের সময় নেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিলে ৭২ ঘণ্টার মধ্যে সমাধান সম্ভব এবং মন্ত্রণালয়ে পাঠালে এক মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন রতনের সভাপতিত্বে ও মহাসচিব সিকদার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। ডা. রুমী ফার্মাসিস্টদের প্রতি প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হওয়ার ওপর জোর দিয়ে বলেন, তাঁদের যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিক, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। অন্য নেতারা জানান, অন্যান্য পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও ফার্মাসিস্টদের ক্ষেত্রে সেই সুযোগ অনুপস্থিত এবং পদোন্নতির ব্যবস্থাও দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।
সমাবেশে বক্তব্য প্রদানকালে ফার্মাসিস্টরা ক্ষোভ প্রকাশ করে জানান, সমমানের পদে যোগ দিয়েও নার্সদের দশম গ্রেড দেওয়া হলেও তাঁরা বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছেন। এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল ঘুরলেও বাস্তব কোনো অগ্রগতি হচ্ছে না, উল্টো উপজেলা পর্যায়ে পদ সৃষ্টির বদলে নতুন করে বিলুপ্ত করা হচ্ছে। তাঁরা অবিলম্বে দশম গ্রেড বাস্তবায়ন এবং উপজেলা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার অনুপাতে নতুন ফার্মাসিস্ট নিয়োগের জোর দাবি জানান।


















