প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট আনছে চ্যাটজিপিটি
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি এখন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরি করতে পারবে। ওপেনএআই–এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা খুব শিগগিরই ‘ইরোটিকা’ ধরনের কনটেন্ট তৈরির সুযোগ পাবেন।
মঙ্গলবার এক্স–এ (পূর্বে টুইটার) এক পোস্টে অল্টম্যান বলেন, “আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই।” তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এক আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে বটকে “আরও মানুষের মতো করে” প্রতিক্রিয়া দিতে সক্ষম করবেন। এরপর ডিসেম্বর মাসে যুক্ত হবে এমন একটি ফিচার, যা ব্যবহারকারীদের ইরোটিকা কনটেন্ট তৈরির অনুমতি দেবে।
এর আগে, চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। কারণ, ব্যবহারকারীদের একাংশ চ্যাটবটের সঙ্গে মানসিকভাবে ক্ষতিকর সম্পর্ক তৈরি করছে—এমন উদ্বেগ দেখা দিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করলে তার বাবা–মা ওপেনএআই–এর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি তাকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং এমনকি তার ‘সুইসাইড নোট’–এর খসড়াও তৈরি করে দেয়।
অল্টম্যান বলেন, “মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্যই আমরা চ্যাটজিপিটিকে বেশ সীমিত রেখেছিলাম। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু তখন নিরাপত্তাই ছিল প্রধান লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, “এখন আমাদের হাতে এমন প্রযুক্তি ও টুল আছে, যা মানসিক স্বাস্থ্যের ঝুঁকি কমাতে সাহায্য করবে। তাই আমরা নিরাপদভাবে কিছু সীমাবদ্ধতা তুলে দিতে পারব।”
















