প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া তরুণদের নিয়োগ নিশ্চিত করার দাবি নাহিদ ইসলামের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই নিয়োগ প্রক্রিয়ায় গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে চূড়ান্ত প্রহসন করা হয়েছে। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, লিখিতসহ সব ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও প্রায় এক হাজার মেধাবী তরুণকে রাজনৈতিক বা অস্বচ্ছ প্রক্রিয়ায় বাদ দিয়ে তাদের স্বপ্ন ধূলিসাৎ করেছে বর্তমান সরকার।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ আট মাস ধরে ভেরিফিকেশনের অনিশ্চয়তা ও হয়রানি শেষে শেষপর্যন্ত এই তরুণদের নিয়োগপত্র দেওয়া হয়নি। অথচ বাদ পড়া এসব প্রার্থীদের বেশিরভাগেরই বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, জিডি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য নেই। কোনো স্বচ্ছ ও স্পষ্ট মানদণ্ড ছাড়াই এই তরুণদের নিয়োগ থেকে বঞ্চিত করা রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থাকেই চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রহসনমূলক এই প্রক্রিয়া বন্ধ করার তাগিদ দিয়ে এনসিপি আহ্বায়ক দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানান, যেসব প্রার্থীর বিরুদ্ধে আইনসম্মত বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাদের অবিলম্বে নিয়োগ দিতে হবে। পাশাপাশি ভেরিফিকেশনের নামে প্রার্থী বাদ দেওয়ার পুরো মানদণ্ড ও প্রক্রিয়া জনসমক্ষে স্পষ্ট করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।



















