প্রশ্নফাঁস রোধে ভারতের পার্লামেন্টে নতুন বিল পাস, সর্বোচ্চ সাজা ১০ বছর ও মোটা অংকের জরিমানা
শিক্ষার্থী বিক্ষোভ ও অনলাইন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র টানা আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। লোকসভার পর রাজ্যসভাতেও প্রশ্নপত্র ফাঁসের শাস্তি দ্বিগুণ করার বিধান রেখে নতুন একটি বিল পাস হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষোভ ও আন্দোলনের মুখে দায়িত্ব থেকে পদত্যাগ করেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
নতুন বিলে প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড এবং জরিমানা বাড়িয়ে ১০ লাখ ডলারেরও বেশি করার প্রস্তাব করা হয়েছে। উচ্চকক্ষ রাজ্যসভায় কণ্ঠভোটে অনুমোদিত বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পরই আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে। প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, দেশের শিক্ষার্থী ও পরিবারের স্বার্থ সুরক্ষার্থেই এই কঠোর আইনি সংস্কার আনা হয়েছে।
ভারতে জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস দীর্ঘদিনের সমস্যা হলেও সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ২০ জুলাই দিল্লিতে আয়োজিত শিক্ষার্থীদের পার্লামেন্ট অভিযান কর্মসূচি টিয়ারগ্যাস ও লাঠিচার্জের কারণে সহিংস রূপ নিয়েছিল। তবে নতুন আইনি সংস্কারের মাধ্যমে এই ধরনের অনিয়ম স্থায়ীভাবে বন্ধ হবে বলে আশা করছে সরকার।


















