শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৫২

প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন

প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচনী কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে বুধবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার মোট ৩৯,২০৪ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৩,৩২১ জন পুরুষ এবং ৫,৮৮৩ জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিকভাবে দক্ষিণ কোরিয়ায় ৮,৬৩০, জাপানে ৫,৯৩২ এবং যুক্তরাষ্ট্রে ৭,৭৩১ ভোটার নিবন্ধন করেছেন।

ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত প্রবাসীদের ভোটের ব্যবস্থা দেশের নির্বাচনি ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দিচ্ছে।

প্রথম ধাপের নিবন্ধন ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীদের জন্য হয়েছে। এরপর ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহে ভোটার নিবন্ধন চলবে।

প্রবাসী ভোটারদের অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেখান থেকে তারা ভোট দেবেন। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি