প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে চীনা প্রতিনিধি লিউ হাইশিং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে লিউ হাইশিং বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের যে যৌথ ঘোষণা এসেছিল, তার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি আস্থা প্রকাশ করেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে জনপ্রিয় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল উল্লেখ করে তিনি জানান যে বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের নতুন উদ্যোগ নিয়েছে, যা কৃষি ও পরিবেশের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।
বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ ও বন্ধুত্ব বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে লিউ হাইশিং বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে বেইজিং সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।



















