প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ
চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতেই আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী-খাল পুনঃখনন এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।
আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এগুলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।



















