প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না মেহেদী, লক্ষ্য শুধু মাঠের ক্রিকেট
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ দল। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) টাইগারদের মাঠে নামার আগে অলরাউন্ডার শেখ মেহেদী জানালেন, প্রতিপক্ষ যে-ই হোক না কেন, তিনি তা নিয়ে ভাবছেন না।
দুবাইয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে মেহেদী বলেন, ‘আমরা নরমাল আছি। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেমন আছে তেমনই আছে। কোনো বাড়তি চাপ নেই। প্রতিপক্ষ ভারত বা অস্ট্রেলিয়া—এসব কিছু নিয়ে ভাবছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্যই প্রস্তুত আছি।’
মুস্তাফিজুর রহমানকে নিয়ে মেহেদীর মন্তব্য, ‘মুস্তাফিজ মাঠে আর বাইরে সম্পূর্ণ আলাদা মানুষ। মাঠে ঢুকলেই তিনি অন্যরকম হয়ে যান। তার অভিজ্ঞতা আর ডেলিভারি অসাধারণ। শুধু সাকিব ভাই নয়, বিশ্বের আরও অনেক বড় বোলারকেও ছাড়িয়ে যাবেন তিনি টি-টোয়েন্টিতে। মা শা আল্লাহ, যেন কারও নজর না লাগে।’
ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে হাইপটা আপনারাই তৈরি করেন। আমাদের কাছে এটা নরমাল একটা আন্তর্জাতিক ম্যাচ, যেভাবে খেলি সেভাবেই খেলব।’
নিজের পারফরম্যান্স নিয়ে মেহেদী বলেন, ‘আসলে ভালো করার শেষ নেই। সবসময় মনে হয় আরও ভালো করা যেত। তবে আলহামদুলিল্লাহ, যেভাবে খেলছি ঠিকভাবে ডেলিভার করছি। এটা একটা ভালো দিক, ইন শা আল্লাহ সবাই যেন এটা ধরে রাখতে পারে।’



















