প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের হাতে লেখা স্বাক্ষর বাধ্যতামূলক করল স্বাস্থ্য অধিদপ্তর
দেশের সব বেসরকারি ল্যাব ও হাসপাতালে প্যাথলজি এবং রেডিওলজি রিপোর্টের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কড়া নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এসব রিপোর্টে কোনো ধরনের ইলেকট্রনিক, অনলাইন বা অটো-জেনারেটেড স্বাক্ষর গ্রহণযোগ্য হবে না; বরং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হাতের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। গত ৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় যে, রিপোর্ট স্বাক্ষরকারীকে অবশ্যই বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোকে কেবল তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত নির্দিষ্ট ঠিকানা থেকেই নমুনা সংগ্রহ করতে হবে এবং অন্য কোনো ভ্রাম্যমাণ ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা যাবে না। এছাড়া ল্যাবরেটরিগুলোতে ব্যবহৃত সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ২০১৫ সালের মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং নিয়মিত ক্যালিব্রেশন ও পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রিপোর্টে জালিয়াতি রোধ এবং রোগীর নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


















