মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৪১

পূর্ব চীন সাগরে চীনা মাছধরা ট্রলার জব্দ করল জাপান

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
পূর্ব চীন সাগরে চীনা মাছধরা ট্রলার জব্দ করল জাপান

পূর্ব চীন সাগরে চীনা মাছধরা ট্রলার জব্দ করল জাপান

তাইওয়ান ইস্যুতে বেইজিং ও টোকিও’র মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পূর্ব চীন সাগরে একটি চীনা মাছধরা নৌযান জব্দ করেছে জাপানের কোস্টগার্ড। শুক্রবার কিউশু দ্বীপের নাগাসাকি জেলার নিকটবর্তী জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে নৌযানটি আটক করা হয়। এ সময় নৌযানটিতে থাকা ক্যাপ্টেনসহ মোট ১১ জন মৎস্যজীবীকে হেফাজতে নিয়েছে জাপানি কর্তৃপক্ষ।

জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জলসীমায় অবৈধভাবে অবস্থান করা নৌযানটিকে থামার সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে। দীর্ঘ ধাওয়ার পর সেটিকে আটক করা সম্ভব হয়। উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর চীনের কোনো নৌযান জব্দ করার ঘটনা ঘটল, যা দুই দেশের বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বায়ত্তশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে চীন নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করলেও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক কিছু মন্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করেছে। গত নভেম্বরে এক জনসভায় তিনি ঘোষণা করেছিলেন, তাইওয়ানে কোনো হামলা হলে জাপান সামরিক সহায়তা নিয়ে পাশে থাকবে। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তাকাইচি ভূমিধস জয় পাওয়ার পর বেইজিং তাকে পুনরায় সতর্কবার্তা প্রদান করে।

জাপানের কট্টর ডানপন্থি শক্তির যেকোনো বেপরোয়া পদক্ষেপের সমুচিত জবাব দেওয়া হবে বলে ইতিমধ্যে হুশিয়ারি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। নৌযান আটকের এই সাম্প্রতিক ঘটনা নিয়ে বেইজিং এখন পর্যন্ত কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া না জানালেও সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে বেশ থমথমে রয়েছে। ১৯৪৫ সালের পর থেকে তাইওয়ান ইস্যুতে বড় কোনো সংঘাত না হলেও বর্তমান রাজনৈতিক মেরুকরণ পরিস্থিতিকে জটিল করে তুলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি