পিপলস লিজিংয়ের পর্ষদে বসতে চান উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা, সিদ্ধান্ত হবে হাইকোর্টে
সংকটাপন্ন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির জন্য কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমান পরিচালনা পর্ষদ তাঁদের এই এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা আগ্রহপত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে বিবেচনার জন্য পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত এই কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বুধবার অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ইওআই জমা দিয়েছেন। পর্ষদের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের এই আগ্রহপত্রসমূহ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
কোম্পানি কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, আদালতের বিদ্যমান নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুসারে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য আবেদন করা হবে। এটি পরিচালনা পর্ষদে কাউকে তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নয়; বরং আদালতের নির্দেশনা ও অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপনের একটি প্রক্রিয়াগত সিদ্ধান্ত মাত্র। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে হাইকোর্ট বিভাগের আদেশের ওপর নির্ভর করবে।



















