পিএসএলে শক্তিবৃদ্ধি করতে জেমস ভিন্সকে দলে ভেড়াল পেশোয়ার জালমি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে নাহিদ রানা ও শরিফুল ইসলামদের দল পেশোয়ার জালমি। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করলেও নিজেদের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে যুক্ত করেছে তারা। ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ফেব্রুয়ারির নিলামে তিন কোটি রুপিতে দল পেলেও ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের প্রথম পাঁচটি ম্যাচে অংশ নিতে পারেননি জেমস ভিন্স। অবশেষে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তিনি পেশোয়ার শিবিরে যোগ দিতে যাচ্ছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার পিএসএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার হিসেবে পরিচিত এবং সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে রয়েছেন।
জেমস ভিন্স এর আগে করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মুলতান সুলতানসের হয়ে খেলেছেন। ৫৬ ইনিংসে একটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরিসহ প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ১৫৪৪ রান করেছেন তিনি। তার অন্তর্ভুক্তি ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটির ব্যাটিং গভীরতা আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা পেশোয়ার জালমি আজ সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মাঠে নামবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী দল মুলতান সুলতানস। এই লড়াইয়ের আগে ভিন্সের অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।



















