পাল্টা শুল্কে সরকারের অতিমাত্রায় আত্মবিশ্বাসের খেসারত দিচ্ছে বাংলাদেশ: মোস্তাফিজুর রহমান
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক ইস্যুতে সরকার শুরুতে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। তারা মনে করেছিল আলোচনার মাধ্যমে সহজেই বিষয়টি সমাধান করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে রফতানি খাতকে বড় ধরনের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে।
রবিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। দৈনিক প্রথম আলো আয়োজিত এই আলোচনায় দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকরা অংশগ্রহণ করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের মধ্যে একটি ধারণা ছিল যে শুল্ক ১০ শতাংশ বা শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে, কিন্তু তা হয়নি। তিনি আরও বলেন, শুধু নিজেদের অবস্থান নয়, প্রতিযোগী দেশগুলো কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছে সেটাও গভীর পর্যবেক্ষণ জরুরি। অশুল্ক বাধা, ভূরাজনৈতিক কৌশল এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
তিনি বাংলাদেশের গার্মেন্টস খাতের প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান পোশাক রপ্তানি বাজার হওয়ায় ক্রেতারা একদিনে এই বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না, বরং দর-কষাকষির পথ খুঁজবে। উদ্যোক্তাদের উচিত ক্রেতাদের সঙ্গে বসে বাড়তি শুল্কের বোঝা ভাগাভাগি করার কৌশল তৈরি করা।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় এটি ধরে রাখা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ভারতসহ অন্যান্য দেশ এই সুযোগকে কাজে লাগাতে চায়, তাই বাংলাদেশকে আরও কৌশলী হতে হবে।
তিনি জানান, পাল্টা শুল্ক ট্রাম্প প্রশাসনের দ্বারা আরোপিত হলেও এর স্থায়ীত্ব অনিশ্চিত। আলোচনায় ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই কেবল দ্বিপক্ষীয় আলোচনা নয়, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ ও উচ্চপর্যায়ের লবিংয়ের প্রয়োজন।
সিপিডি’র সম্মানীয় ফেলো বলেন, শুধু অপেক্ষা করে বসে থাকা যাবে না, কাঠামোগত কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়ে আলোচনাকে এগিয়ে নিতে হবে।



















