পাকিস্তান ২,১০০ ভারতীয় শিখকে গুরু নানকের জন্মবার্ষিকীতে যোগদানের জন্য ভিসা দিয়েছে
ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাকিস্তান ২,১০০-এর বেশি ভারতীয় শিখকে ভিসা দিয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান হাইকমিশনের মতে, আগামী ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাবা গুরু নানক দেব জী’র জন্মবার্ষিকী পালিত হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এই উপলক্ষে নয়াদিল্লি থেকে ধর্মীয় প্রতিনিধিদল পাকিস্তানে যাবে।
শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ১৪৬৯ খৃষ্টাব্দে তৎকালীন অবিভক্ত পাঞ্জাবের রায়ভোয় কি তালবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে সেই গ্রামটির নাম নানকানা সাহিব। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে নানকানা সাহিবে গুরু নানকের জন্মবার্ষিকী উৎসবের আয়োজন করা হয়।
গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে হামলা এবং পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে ভারতীয় অপারেশন সিঁদুরের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এই পরিস্থিতিতে পাকিস্তানে গুরু নানকের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা ছিল। তবে চলতি মাসের শুরুতেই ভারত সরকার শিখ সম্প্রদায়কে ‘জাঠা’ পাঠানোর অনুমতি দেয়। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
পাকিস্তানও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রদেশীয় সরকার পুলিশ ও আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রণালয় বৈঠক করে প্রস্তুতি গ্রহণ করেছে। মূল অনুষ্ঠান ৫ নভেম্বর লাহোর থেকে ৮০ কিলোমিটার দূরে নানকানা সাহিবের গুরুদ্বারে অনুষ্ঠিত হবে। এই সফরে তীর্থযাত্রীরা কর্তারপুর সাহিবসহ পাকিস্তানের অন্যান্য গুরুদুয়ারায়ও যেতে পারবেন।
নানকের জন্মবার্ষিকীর উৎসবের জন্য প্রতিবছরই পাকিস্তানে ভারত থেকে ধর্মীয় প্রতিনিধিদল পাঠানো হয়।



















