পাকিস্তান: সুপ্রিম কোর্টে সিলিন্ডার ও এসি প্ল্যান্ট বিস্ফোরণে অন্তত ১২ আহত
পাকিস্তানের সুপ্রিম কোর্টে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে একটি বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন এসি মেকানিকরা; একজনের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণটি সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে ঘটেছে। এসময় ক্যান্টিনের সংলগ্ন সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্টেও বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় ওই প্ল্যান্টে মেরামতের কাজ চলছিল। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল এবং মামলার শুনানি চলছিল এমন কক্ষে থাকা ব্যক্তিরা দ্রুত বাইরে বেরিয়ে এসেছেন।
ঘটনার পর সুপ্রিম কোর্ট সব মামলার শুনানি স্থগিত করেছে। বুধবার থেকে আদালতে পুনরায় কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, OSINT Updates


















