পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে এই ভূমিকম্প ঘটে।
দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এপিসেন্টার ও আশপাশের এলাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।
এনএসএমসি-এর তথ্যমতে, কম্পন শুরু হওয়ার পর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন শহরের মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত দেশের কোথাও হতাহতের ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের ২১ অক্টোবর পাকিস্তানে সর্বশেষ ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যা ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু-কাশ্মিরে অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্র চার দিন আগেও খাইবার পাখতুনখোয়া রাজ্যে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল।


















