পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে জনি ডেপের ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা
সাগরের উত্তাল ঢেউ আর জলদস্যুদের রোমাঞ্চকর অভিযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে আবারও হলিউড অভিনেতা জনি ডেপের পর্দায় ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে তার অভিনয় করা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনই চূড়ান্ত কোনো ঘোষণা না দিলেও, ফ্র্যাঞ্চাইজিটির সমাপ্তি আরও সুন্দর ও স্মরণীয় করার সুযোগ থাকলে তিনি এতে যুক্ত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপ জানান যে, সিরিজটির গল্পকে কীভাবে আরও অর্থপূর্ণভাবে শেষ করা যায় সেটাই তার কাছে প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির প্রযোজক ও নিজের ঘনিষ্ঠ বন্ধু জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ব্রুকহাইমার ডাকলে তিনি যে কোনো সময় কাজ করতে প্রস্তুত।
এর আগে ২০২৫ সালের মাঝামা সময়ে প্রযোজক জেরি ব্রুকহাইমারও নিশ্চিত করেছিলেন যে, ডেপের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে আলোচনা চলছে এবং উপযুক্ত চিত্রনাট্য পেলেই এই জনপ্রিয় অভিনেতা আবারও প্রিয় চরিত্রটিতে ফিরতে পারেন। উল্লেখ্য, ২০০৩ সালে ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করে ২০১৭ সাল পর্যন্ত পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন জনি ডেপ, যা বিশ্বজুড়ে বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করেছিল।



















