পশ্চিমবঙ্গে অভিনেতা রাহুলের মৃত্যুর প্রতিবাদে অনির্দিষ্টকাল শুটিং বন্ধের ডাক
ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের জীবনের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকার সব সিনেমা এবং ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিয়োয় টলিউড তারকাদের এক জরুরি বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
উক্ত বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্তসহ জ্যেষ্ঠ শিল্পীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার বিকেলে টলিপাড়ার তারকারা রাজপথে নেমে রাহুলের অকাল মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় ইতোমধ্যে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, সঠিক বিচার পেতে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ওড়িশার তালসারি থানায় একটি পৃথক অভিযোগ দায়ের করেছেন।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানান যে, এই লড়াই মূলত শিল্পীদের জীবন রক্ষার লড়াই। শুটিংয়ে গিয়ে নিরাপদভাবে বাড়িতে ফেরার নিশ্চয়তা না থাকায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। রাহুলের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করার পাশাপাশি শিল্পীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এই ধর্মঘটে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার সদস্যের টেকনিশিয়ান ফেডারেশন। এর ফলে বড় পর্দার সিনেমার পাশাপাশি ছোট পর্দার সব মেগা সিরিয়ালের কাজও অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে। টলিপাড়ার এই অচলাবস্থা কতদিন চলবে, তা নিয়ে এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।



















