পর্তুগালে বাংলাদেশি হিন্দু কমিউনিটির শারদীয় দুর্গোৎসব উদযাপন
বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানী লিসবনে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
নবমীতে (১ অক্টোবর) পূজা ও অন্যান্য ধর্মীয় আচার শেষে রাত ৮টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক সস্ত্রীক উপস্থিত ছিলেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবী দুর্গার নয়টি রূপ—শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী—অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাই এই নাট্যচিত্রে অংশ নেন, যা দর্শকদের মুগ্ধ করে।
রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সীমিত পরিসরে এমন অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয়। তিনি প্রবাসীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পর্তুগিজ সমাজে তুলে ধরার গুরুত্বও উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রাষ্ট্রদূতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
সংগঠনের সভাপতি সুমন ভৌমিক সফলভাবে দুর্গোৎসব উদযাপনে সহযোগিতা করার জন্য প্রবাসী বাংলাদেশি ও পর্তুগিজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়া সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক অর্জুন কুমার সিংহ, বিশ্বজিৎ রায় ও বিষ্ণুপদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ (২ অক্টোবর) দশমী পূজা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গোৎসবের সমাপ্তি হবে। পরে একটি সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।



















