পর্তুগালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় পর্তুগাল শাখা বিএনপির নেতাকর্মীরা বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছেন। পর্তুগালের রাজধানী লিসবনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লা কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, হাকিম মোহাম্মদ মিনহাজ, দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার সুস্থতা এখন সবার বড় প্রত্যাশা। এই দোয়া মাহফিল তাদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। তারা আরও জানান, পর্তুগালে দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী শক্তিশালী বিএনপি ঘাঁটি রয়েছে এবং দলের ৩১ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বিশেষ করে আগামী ফেব্রুয়ারির অংশগ্রহণমূলক নির্বাচনে বিএনপিকে ভোটদানে প্রবাসীদের উৎসাহিত করার কথা উল্লেখ করেন তারা।
গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, তাঁর ফুসফুসে ইনফেকশন হয়েছে এবং এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। এ বছরের ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেও ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন।



















