পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করার পাশাপাশি সেগুলোর সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সন্তান বড় হলে মা-বাবার বুক যেমন আনন্দে ভরে ওঠে, একটি গাছ বড় হলেও ঠিক একই রকম আনন্দ পাওয়া যায়।
প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গাছ নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে এবং আগের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি মনে করিয়ে দেন, নিজেদের দেশকে নিজেদেরই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে তা করে দিয়ে যাবে না।
এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ আন্দোলনের জন্য নতুন স্লোগান ঘোষণা করেন— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’ এর আগে সকালে সড়কপথে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন এবং সফরের অংশ হিসেবে গৌরনদীর সরিকল খালের পাড়, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদীতে পৃথক বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।


















