মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:৫০

ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার দাবি নাহিদ ইসলামের

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৭, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার দাবি নাহিদ ইসলামের

ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার দাবি নাহিদ ইসলামের

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আসন্ন ডিসেম্বরে শেষ হচ্ছে উল্লেখ করে ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে নতুন পানি বণ্টন চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জোর দিয়ে বলেন, নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশগ্রহণ এবং পানির ন্যায্য হিস্যায় এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। ভারত-বাংলাদেশ সম্পর্ককে সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করার মাধ্যমেই আবরার ফাহাদের চেতনাকে ধারণ করতে হবে।

বুধবার বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে সামান্য ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশের স্বার্থের পক্ষে এক প্রতিবাদী কণ্ঠস্বর।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ওপর অসংখ্য নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী লীগকে ভারতের আগ্রাসনের বর্ধিত রূপ হিসেবে অভিহিত করে তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের প্রাপ্তি এবং নদীগুলোর পানির ন্যায্য হিস্যা না পাওয়ার বিষয়ে আবরার ফাহাদ যে মৌলিক প্রশ্ন তুলেছিলেন, তার উত্তর সমতার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি