নেপালে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা, দেশপির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
নেপালের প্রেসিডেন্ট দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন। একই সঙ্গে আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৫ মার্চ।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার মেয়াদ ৬ মাস। এই সময়ের মধ্যে সরকারের দায়িত্ব থাকবে নতুন নির্বাচন আয়োজনের।
সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন এবং বিচারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় জনমনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
এন্টারভিউতে তিনি একবার উল্লেখ করেছেন, ভারত নেপালকে অনেক সহযোগিতা করেছে।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে চলা আন্দোলন ও জেন-জির বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রিত্ব পরিবর্তন ও সংসদ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে গুলি ছোড়া হয়, এতে অনেক শিক্ষার্থী নিহত হন। পরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির পর কেপি শর্মা অলি প্রধানমন্ত্রিত্ব ছাড়েন।
এ সময় বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য মন্ত্রীর বাড়িতে হামলা চালান এবং অর্থমন্ত্রীর ওপরও আক্রমণ ঘটে। এই পরিস্থিতির মধ্যেই সুশীলা কার্কি দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।
সূত্র: এএফপি


















