নেপালের হিমালয়ে তুষারঝড়ে ৯ জন নিহত: পাঁচজন ইতালীয় পর্বতারোহী
নেপালের দুর্গম হিমালয় পর্বতমালায় কয়েক দিনের তীব্র তুষারঝড় ও তুষারধসে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাঁচজন ইতালীয়, বাকি নেপালি, জার্মান ও ফরাসি নাগরিক।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক দুটি দুর্ঘটনায় এই প্রাণহানি ঘটে। সোমবার চীনের সীমান্তবর্তী নেপালের মধ্যাঞ্চলের ১৮ হাজার ৪৭১ ফুট উচ্চতার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পে ১২ সদস্যের একটি দল তুষারধসের কবলে পড়ে। নেপালের অভিযাত্রী সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশনের প্রতিনিধি ফুরবা তেনজিং শেরপা জানিয়েছেন, এই দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ইতালীয়, দুজন নেপালি, একজন জার্মান ও একজন ফরাসি ছিলেন। বাকি সদস্যদের মঙ্গলবার সকালেই উদ্ধার করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
এর আগে, পশ্চিম নেপালে ২২ হাজার ৫৯৫ ফুট উচ্চতার পানবারি পর্বতে আরোহণের চেষ্টার সময় দুই ইতালীয় পর্বতারোহী আলেসান্দ্রো কাপুতো ও স্তেফানো ফাররোনাতো নিহত হন। শুক্রবার থেকে তারা সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নেপাল বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির আবাসস্থল। এর মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। প্রতি বছর শত শত পর্বতারোহী ও ট্রেকার নেপাল ভ্রমণে আসে। শরৎকালকে হিমালয় অভিযানের জন্য বসন্তের পর দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এই সময় আবহাওয়া কঠিন, দিন ছোট এবং বরফে ঢাকা পথ চলা সীমিত।
গত সপ্তাহে সাইক্লোন মন্থারের প্রভাবে নেপালে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়, ফলে বহু ট্রেকার ও পর্যটক আটকা পড়েন। হিমালয়ান ডেটাবেস অনুসারে, ১৯৫০ সাল থেকে নেপালের বিভিন্ন পর্বত চূড়ায় দুর্ঘটনায় অন্তত ১,০৯৩ জন নিহত হয়েছেন; এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই তুষারধসে মারা গেছেন।
সূত্র: এএফপি।

















