নির্বাচন শেষে শেয়ারবাজারে বড় উত্থান, ২০ মিনিটেই লেনদেন ২২৫ কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে টানা চার দিন বন্ধ থাকার পর রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই বড় উত্থানের আভাস মিলেছে। সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১১০ পয়েন্টের বেশি বেড়েছে। একই সময়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২৫ কোটিরও বেশি টাকায়, যেখানে সাম্প্রতিক সময়ে পুরো সাড়ে চার ঘণ্টার কার্যদিবস মিলিয়েও লেনদেন ২০০ কোটির ঘরে সীমাবদ্ধ ছিল।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের শুরু থেকেই ডিএসইর সব সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থান লক্ষ্য করা যায়। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে মাত্র ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।
অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধির ফলে সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান নেয়। একই সময়ে ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ বেড়ে ৩৯ পয়েন্ট যোগ হয়ে ২ হাজার ৯৮ পয়েন্টে পৌঁছায়।
এদিন সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা নির্বাচন-পূর্ব পূর্ণ কার্যদিবসের লেনদেনের প্রায় সমপরিমাণ।


















