নির্বাচন বানচালের চেষ্টা করলে নেতানিয়াহুকে লাঠিপেটা করে তাড়ানোর হুমকি এহুদ বারাকের
আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লাঠিপেটা করে ও পাথর মেরে ক্ষমতা থেকে তাড়ানো হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। রোববার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বারাক আশঙ্কা প্রকাশ করে বলেন, নেতানিয়াহু খুব সহজেই আগামী নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তেমনটি হলে তাকে হটিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বর্তমান মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে এবং সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বারাকের দাবি, নেতানিয়াহু লেবাননে এমন কিছু সামরিক অভিযান শুরু করে নির্বাচন বানচাল করতে পারেন; যা হিজবুল্লাহ এবং ইরানকে পাল্টা আঘাত হানার জন্য উসকানি দেবে। তিনি মনে করেন, নেতানিয়াহু একটি অন্তহীন যুদ্ধ চান, কারণ তিনি বোঝেন যে যুদ্ধ শেষ হলেই তার দুর্নীতির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত হবে। উল্লেখ্য, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সাল থেকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক পরোয়ানাভুক্ত আসামি।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তি ও যুদ্ধবিরতি কাঠামোরও তীব্র সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি এই চুক্তিকে এক কথায় ‘খারাপ’ এবং দুই কথায় ‘খুব খারাপ’ বলে অভিহিত করেন। বারাক সতর্ক করে বলেন, নেতানিয়াহুর অহংকার এবং দূরদর্শিতার অভাবের মূল্য চোকাতে হচ্ছে ইসরায়েলকে এবং এই সমঝোতা স্মারকটি ক্ষেপণাস্ত্র বা ইরানের আঞ্চলিক মিত্রদের—কোনো সমস্যারই সমাধান করতে পারেনি। তার মতে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কোনো লক্ষ্যই শেষ পর্যন্ত অর্জিত হয়নি।
সাবেক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র ঝড় তুলেছে এবং নেতানিয়াহুর মিত্রদের কাছ থেকে তাৎক্ষণিক সমালোচনার জন্ম দিয়েছে। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এবং লিকুদ পার্টির আইনপ্রণেতা বোয়াজ বিসমুথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার অভিযোগে বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এহুদ বারাককে দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত, আর তিনি সুস্থ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।



















