নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস: ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস
পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। সোমবার (১০ আগস্ট) নিয়োগ পরীক্ষায় ব্যাপক সংস্কার ও অনিয়মের সিবিআই তদন্তের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাজ্য বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। তবে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও পুলিশের এমন মারমুখী আচরণে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র ক্ষোভের মুখে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারপার্সন এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। তিনি গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন।
সরকার এবং আন্দোলনকারীদের প্যানেলের মধ্যে একাধিক দফায় বৈঠক হলেও ১৬ দিন ধরে চলা এই আন্দোলন বন্ধ করা সম্ভব হয়নি। সরকারের দাবি তারা শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে, তবে শিক্ষার্থীরা জানান, তাদের উত্থাপিত ১৩টি পরীক্ষা বাতিলের দাবির বিপরীতে মাত্র ৩টি পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলে এখনও ছাত্রনেতা দেবেন্দ্র মাহতোসহ ছয়জন আন্দোলনকারী অনশন চালিয়ে যাচ্ছেন।
রাজধানী রাঁচিতে উত্তেজনা বাড়ায় প্রশাসন প্রধান সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে এবং নিরাপত্তার স্বার্থে বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশ্নফাঁস এবং দুর্নীতির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না।



















