নিউইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো ৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ’ (BMCC)-এর ১৯৯ চেম্বার্স স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬’। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক ও আন্তর্জাতিক চেম্বার প্রতিনিধিদের অংশগ্রহণে মেলাটি একটি বৈশ্বিক বাণিজ্য মিলনমেলায় পরিণত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লফলার। বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশে উভয় দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ড. জিয়াউদ্দিন আহমেদ বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা খাতে বাংলাদেশি-আমেরিকানদের অবদান স্মরণ করার পাশাপাশি তৈরি পোশাক ও অন্যান্য খাতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংযোগ জোরদারে এই মেলার ভূমিকাকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।
মেলার অন্যতম মূল আকর্ষণ ছিল ‘বিজনেস-টু-বিজনেস’ (B2B) সরাসরি ম্যাচমেকিং নেটওয়ার্কিং, যার মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তারা সরাসরি সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সাথে যোগাযোগের সুযোগ পান। পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬’ শীর্ষক সেমিনার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং এনআরবি (NRB) বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্যবসায়িক নৈপুণ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা হলেন— মডার্ন প্যাকেজিং ইনক.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জাকি হোসাইন, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যালস-এর লিয়াকত হোসাইন, PeopleNTech-এর সিইও আবুবকর হানিফ, IFDC-এর সিইও কাজী হেলাল আহমেদ, GFB গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া এবং ঢাকা প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ড. আরিফুর রহমান।



















