নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউইয়র্কের জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন।
সোমবার স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।”
শফিকুল আলম আরও জানান, সোমবারের ঘটনায় আখতার হোসেনের সঙ্গে তাসনিম জারা উপস্থিত ছিলেন। আখতার হোসেন ও অন্যান্য নেতাদের ওপর হামলার বিষয়টি এনসিপি যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
প্রেস সচিব জানান, এই সময় প্রধান উপদেষ্টার জাতিসংঘে সোশ্যাল বিজনেস বিষয়ক আইএমএফ মিটিং ছিল, যেখানে তিনি বক্তব্য দেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। এছাড়া প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা তিনজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল।
শফিকুল আলম আরও বলেন, নিউইয়র্কে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন, সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক এবং আসিয়ানে সদস্যপদ প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত।



















