নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। নারীর প্রতি যত্নশীল হওয়া সামাজিক দায়িত্বের পাশাপাশি জাতীয় উন্নয়নের পূর্বশর্ত, এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে নারীর ক্ষমতায়ন সম্পূর্ণ হয় না।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘জয়েনিং হ্যান্ডস ফর ইমপ্রুভিং উইমেনস হেলথকেয়ার ইন বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব ও প্রজননজনিত জটিলতার মুখোমুখি হন। এই অঞ্চলে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতালের মতো উদ্ভাবনী উদ্যোগ চালু করা জরুরি। রোহিঙ্গা ক্যাম্প ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করছেন।
তিনি নারী প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে ‘নিষিদ্ধ’ ভাবার প্রবণতা ভুল বলে উল্লেখ করেন এবং বলেন, শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা শেখানো দরকার। নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা নয়, সচেতন আলোচনা অপরিহার্য। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন এখনও অনেকের জন্য বিলাসিতা, এবং সুস্থ নারীর জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সমাজে নেগেটিভিটি ছড়ানোর প্রবণতা আছে, অথচ উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশ্বাস, প্রত্যাশা ও ইতিবাচক চিন্তা অপরিহার্য। নারী স্বাস্থ্য ও শিক্ষা সেই ইতিবাচকতার শক্ত ভিত গড়ে দিতে পারে। অনুষ্ঠানে প্রফেসর ডা. মো. আবু জাফর, ডা. আশরাফি আহমাদ এবং মেরি স্টোপস ক্লিনিকের প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।

















