নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে ক্ষমতায়ন পূর্ণতা পায় না: সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর প্রতি যত্নশীল হওয়া যেমন সামাজিক দায়িত্ব, তেমনি এটি জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘জয়েনিং হ্যান্ডস ফর ইমপ্রুভিং উইমেনস হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব ও প্রজননজনিত নানা জটিলতার মুখোমুখি হন। এসব অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক ও নৌকা হাসপাতালের মতো উদ্ভাবনী উদ্যোগ জরুরি। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও উপকূলের প্রত্যন্ত এলাকায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তারা মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করছেন।
নারীর প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে ‘নিষিদ্ধ’ ভাবা ভুল উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা শেখাতে হবে। নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা নয়, খোলামেলা আলোচনা প্রয়োজন।”
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে এখনো প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্য বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের সমাজে নেগেটিভিটি ছড়ানো এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ উন্নয়ন ও অগ্রগতির জন্য দরকার বিশ্বাস, প্রত্যাশা ও ইতিবাচক চিন্তা। নারী স্বাস্থ্য ও শিক্ষা সেই ইতিবাচকতার শক্ত ভিত গড়ে দিতে পারে।”
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফি আহমাদ (এনডিসি) এবং মেরি স্টোপস ক্লিনিকের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

















