নাইজেরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার জাতিসংঘের এক গোপন নিরাপত্তা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ওই উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের জন্য প্রস্তুতকৃত এবং ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, রহস্যময় ‘লাকুরাওয়া’ গোষ্ঠীর সদস্যরা নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর এই ভয়াবহ হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার ঘটনাটি কয়েক দিন আগে ঘটলেও কেব্বি রাজ্যের উপ-গভর্নর এলাকাটি পরিদর্শনের পর বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে লাকুরাওয়া গোষ্ঠীর সহিংসতা বন্ধ থাকার পর এই নতুন হামলার ঘটনা ঘটল। সামরিক বাহিনীর জোরদার অভিযানের মুখেও তারা যে জটিল ও বড় ধরনের অপারেশন পরিচালনা করতে সক্ষম, তা দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ২৫ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন অংশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছিল। নাইজেরিয়া সরকার তখন জানিয়েছিল যে, ওই হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), লাকুরাওয়া জিহাদি গোষ্ঠী এবং স্থানীয় ডাকাত চক্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেই হামলায় ঠিক কতজন নিহত হয়েছিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
সাম্প্রতিক এই হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ পরিষ্কার না হলেও নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে গত কয়েক সপ্তাহে জিহাদি এবং ডাকাত চক্রগুলো কৃষকদের ওপর ব্যাপক হামলা ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে। সাধারণত নিজেদের জমিতে চাষাবাদের জন্য এই অপরাধী চক্রের দাবি করা চাঁদা বা কর দিতে ব্যর্থ হলেই কৃষকদের ওপর এমন নৃশংস হামলা চালানো হয়।



















