নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে চীনের শেনঝেন শহরে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলন উপলক্ষে আয়োজিত এশিয়া সফরের সময় এই দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে হোয়াইট হাউসের দায়িত্বশীল সূত্রের বরাতে এসব তথ্য সামনে আনা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্ভাব্য এই বৈঠক আয়োজনের কৌশলগত উদ্যোগ নিতে ইতিমধ্যেই নিজ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।বিষয়টি নিয়ে জানতে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলে এক মুখপাত্র জানান যে উপযুক্ত ও সঠিক সময়ে দুই নেতার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।তবে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার শীর্ষ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনায় বসেছিলেন।নিজের প্রথম মেয়াদে তিনি সিঙ্গাপুর, হ্যানয় ও দুই দেশের সীমান্তবর্তী বেসামরিক এলাকায় মোট তিনবার কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন। নভেম্বরের এই প্রস্তাবিত আলোচনাটি বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকেরা।


















