নব নিযুক্ত সহকারী কমিশনারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে ভূমি উপদেষ্টার উদ্বোধনী বক্তব্য
জাতির এক গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে দায়িত্বভার গ্রহণ করা নব নিযুক্ত সহকারী কমিশনারদের উদ্দেশ্যে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রশাসনের ওপর জনগণের আস্থা রাখতে হলে কর্মকর্তা ও কর্মচারীদের জনবান্ধব হতে হবে। রোববার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)-তে বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসন ক্যাডার নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জ আরও বেড়েছে। তাই তাদের নিজেকে জনগণের জন্য উপকারী হিসেবে তুলে ধরতে হবে।
ভূমি উপদেষ্টা বলেন, অনেক সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যে জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে পরিচিত হয়েছেন। নতুন কর্মকর্তাদের তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, একজন সহকারী কমিশনার (ভূমি) উপজেলা পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মানসিক চিন্তাধারা ও মননে পরিবর্তন আনতে হবে এবং কোনোভাবেই বেআইনি পথে পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
তিনি প্রশাসন ক্যাডারের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিস একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস। এখানে কেন্দ্রীয় প্রশাসন থেকে মাঠ প্রশাসন পর্যন্ত কর্মকর্তাদের জন্য কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডারের ওপর দেশের মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কার্যকর রাখতে সহায়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এলএটিসি-এর উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলএটিসি-এর ভারপ্রাপ্ত পরিচালক রুমানা রহমান শম্পা।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এলএটিসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা।



















