নবম পে-স্কেল ঘোষণায় সরকারকে অভিনন্দন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিনন্দন জানান। সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও সময়োপযোগী বেতনকাঠামো নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন ও অন্যান্য দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘নবম জাতীয় বেতন স্কেল-২০২৬’ ঘোষণা করা হয়েছে। নতুন এই পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং এর ফলে তাদের কর্মস্পৃহা বাড়বে বলে নেতারা আশা প্রকাশ করেন।
তবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ দাবিও তুলে ধরা হয়। নেতারা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল সুবিধা ২০১৫ সালের বেতনকাঠামোয় বাতিল করা হয়েছিল। ঘোষিত নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এ এই দুটি সুবিধা পুনর্বহালের জোর দাবি জানান তারা। নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন, মহাসমাবেশ এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে দাবি তুলে এসেছে এবং সেই প্রচেষ্টার ফল হিসেবেই নতুন স্কেল ঘোষিত হয়েছে বলে তারা মনে করেন।
নেতারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী বেতনকাঠামো তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিব আবুল হাসনাত সোহেলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



















