নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং সেটে দুর্ঘটনায় আহত আরিফিন শুভ
ঢালিউড তারকা আরিফিন শুভকে নিয়ে ভক্তদের মাঝে দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, তিনি নতুন সিনেমা ‘মালিক’–এর শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন। যদিও সংশ্লিষ্ট কেউই এখনো বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করেননি এবং শুভর বর্তমান অবস্থাও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রের বরাতে কয়েকটি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।
জানা গেছে, ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে গোপনে ‘মালিক’ সিনেমার শুটিং চলছিল। সেই শুটিংয়ের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। সামাজিক মাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ফাঁস হতেই বিষয়টি জানাজানি হয়। সেখানে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন ধরে গেছে, আর তিনি তাড়াহুড়ো করে সেটি নেভানোর চেষ্টা করছেন।
সংবাদমাধ্যমগুলোর তথ্যে জানা গেছে, সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যে তার শরীরের নিচের অংশের কাছ দিয়ে সামান্য আগুন যাওয়ার কথা ছিল। কিন্তু ক্যামেরা চালু হওয়ার পরই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তেই আগুন লেগে যায় শুভর পায়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা আরও বেড়ে তার পা দগ্ধ করে।
ইউনিটের সদস্যদের বরাতে জানা গেছে, শুভ প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি তীব্র যন্ত্রণায় অস্থির ছিলেন, তবুও থেমে যাননি। আগুন না থামায় একপর্যায়ে তিনি পড়ে যান। পরে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভালেও তখন তার পায়ে দগ্ধ হওয়া নিশ্চিত হয়।
পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলে শুভ তাকে নাকি থামিয়ে দেন। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান। সেদিনের শুটিং শেষ না করা পর্যন্ত তিনি সেট ছাড়তে চাননি বলেও জানা গেছে। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও তিনি এখনও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনা সম্পর্কে পরিচালক বা নির্মাতা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি; ঘটনাটি কবে ঘটেছে, সেটিও স্পষ্ট নয়। অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ আগামী ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। ছবিটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, আর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।


















