নতুন করে দিল্লির তোষণ করলে শেখ হাসিনার মতোই পরিণতি হবে, জাগপার রাশেদ প্রধান
ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে কোনো ‘নতুন আওয়ামী লীগ’ বা দিল্লির নব্য তোষণকারী দেখার জন্য শেখ হাসিনার পতন ঘটায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতার মসনদে বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বা নতুন করে কেউ আওয়ামী লীগ হতে চাইলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।
বুধবার সকালে রাজধানীর পল্টনে যুব জাগপা আয়োজিত ‘শহীদ আবরার ফাহাদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান স্মরণ করিয়ে দেন যে, ২০১৯ সালের এই দিনে দেশের নদী ও ন্যায্য হিস্যার পক্ষে কথা বলার অপরাধে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তবে আবরারের সেই আত্মত্যাগ থেকে জন্ম নেওয়া প্রতিরোধের মুখেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আধিপত্যবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। যারা ক্ষমতার স্বাদ পেয়ে পুরোনো বন্দোবস্ত বহাল রাখতে চায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভয় পায় এবং দিল্লির সমর্থন পেতে দৌড়ঝাঁপ করে, দেশবাসী তাদের চিনে ফেলেছে। আধিপত্যবাদের গোলামি করলে তাদের বিচারও জনতার আদালতে ফ্যাসিবাদের দোসরদের মতোই হবে বলে তিনি জানান।

















