নতুন করে আবার বাড়ল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম
বাজারে অস্থিরতার মধ্যেই আবারো বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশে নতুন এই দাম ঘোষণা করে, যা আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
একই আদেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দর ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে এই অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ০৯ পয়সা।
বিইআরসির এই নির্দেশনায় পাশাপাশি বাড়ানো হয়েছে বিক্রেতাদের কমিশনও।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল কমিশন। এক মাসের ব্যবধানে আবার দর বাড়ায় ভোক্তাদের ওপর চাপ আরও বাড়ল।


















