নগদ ও প্রথমা ডটকমের যৌথ উদ্যোগে কর্মীদের জন্য ‘বইবন্ধন’ বইমেলা শুরু
দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের কর্মীদের জন্য প্রথমা ডটকমের সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী এক বিশেষ বইমেলার আয়োজন করেছে। সোমবার রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’ শীর্ষক এই মেলা শুরু হয়। করপোরেট ব্যস্ততার মাঝে কর্মীদের বই পড়ার সুযোগ তৈরি এবং উৎসাহিত করার লক্ষ্যেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
অনাড়ম্বর এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বক্তব্য রাখেন। সাজ্জাদ শরিফ বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার মাধ্যমেই একটি সমাজ এগিয়ে যায়। অন্যদিকে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ মনে করেন, এই বইমেলা কর্মীদের একঘেয়েমি কাটিয়ে একটি নতুন অনুভূতির অভিজ্ঞতা দেবে।
দুই দিনব্যাপী এই মেলায় প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বইয়ের ওপর নগদের কর্মীরা ২০ শতাংশ এবং বিদেশি বইয়ের ওপর ৫ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন। পাশাপাশি নগদের বাংলা কিউআর কোডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে গ্রাহকদের জন্য থাকছে আরও ৫ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়ের সুযোগ।
নগদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও মিডিয়া প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় আয়োজিত এই মেলায় নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও নগদ ও প্রথমা ডটকম একই ধরনের আয়োজন করেছিল, যেখানে কর্মীদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল।



















