মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:৩৭

নগদকে বেসরকারি করতে নতুন বিনিয়োগকারী আনবে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৭, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
নগদকে বেসরকারি করতে নতুন বিনিয়োগকারী আনবে বাংলাদেশ ব্যাংক

নগদকে বেসরকারি করতে নতুন বিনিয়োগকারী আনবে বাংলাদেশ ব্যাংক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদকে বেসরকারি করার অংশ হিসেবে নতুন বিনিয়োগকারী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে শিগগিরই বিনিয়োগ আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত “ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ ঘোষণা দেন। তিনি বলেন, ডাক বিভাগের পক্ষে নগদ পরিচালনা করা সম্ভব নয়, তাই প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে এসে নগদে বিনিয়োগ করতে হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই নতুন বিনিয়োগকারী পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গভর্নর আরও বলেন, দেশে নগদ টাকার ব্যবহার ক্রমশ বেড়ে যাওয়ায় প্রতিবছর টাকা ছাপানোর খরচ প্রায় ১০ শতাংশ হারে বা ২ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ছে। খরচ এভাবে বাড়তে থাকলে ডিজিটাল অর্থনীতির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

“দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি” প্রতিপাদ্যে আয়োজিত এ সামিট যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং মাস্টারকার্ড। এতে ব্যাংক, ফিনটেক ও নীতিনির্ধারকরা অংশ নিয়ে ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী। নীতিনির্ধারণী বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. মাসরুর রিয়াজ। তিনি বলেন, ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। সরকার ও নিয়ন্ত্রকদের উচিত পাইকারি ও করপোরেট পেমেন্টে সুযোগ তৈরি করা, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং অবকাঠামোতে বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

অধিবেশনটি সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিসিও জিসান হক। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফাত উল্লাহ খান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা এবং শেবা প্ল্যাটফর্মের চেয়ারম্যান ও গ্রুপ সিইও আদনান ইমতিয়াজ হালিম।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি