নওগাঁ, নোয়াখালী ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার নিন্দা জানালো জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বুধবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নওগাঁ, নোয়াখালী ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি জানান, ২৮ অক্টোবর বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের নির্বাচনি উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামের এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে জড়িয়ে বৈঠক পণ্ড করার চেষ্টা চালায় এবং হামলাও চালায়। একইভাবে, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীদের কুরআন তালিমের ক্লাসে বাঁধা দিয়ে চেয়ার ভাঙচুর এবং নারীদের হেনস্তা করা হয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে ২০ অক্টোবর সকালে মহিলা কর্মীরা গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে ৫ নারী ও ৩ পুরুষ কর্মী গুরুতর আহত হন, পাশাপাশি কিছু নারীর বোরকা খুলে তাদের লাঞ্ছিত করা হয়। আহতরা বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনি সমাবেশ, আলোচনা সভা, কুরআনের তালিম বা যেকোনো সভায় অংশগ্রহণ দেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। নারীদের ওপর হামলা এবং শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের লঙ্ঘন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল, যা সহাবস্থানের রাজনীতি এবং গণতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। হামলাকারীদের এই বর্বরোচিত কর্মকাণ্ড ভয়ভীতি সৃষ্টি করছে। তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।


















