ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের চার কর্মী দল থেকে বহিষ্কার
রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে জামায়াতে ইসলামীর ৪ জন কর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনার মাত্র একদিনের মাথায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগরী জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন। একই সাথে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বুধবার ৪ জনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। জামায়াত নেতৃবৃন্দ অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সাংগঠনিকভাবে কঠোর অবস্থানে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।
















