ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা বিএজে’র
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)। মঙ্গলবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হন।
বিএজে নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। বিবৃতিতে অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

















